মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে ভোগান্তি: একপাশে ময়লার ভাগাড়, অন্যপাশে খানাখন্দ ॥ এমপির হস্তক্ষেপ কামনা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন / ১০০০
মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে ভোগান্তি: একপাশে ময়লার ভাগাড়, অন্যপাশে খানাখন্দ ॥ এমপির হস্তক্ষেপ কামনা

মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে ভোগান্তি: একপাশে ময়লার ভাগাড়, অন্যপাশে খানাখন্দ ॥ এমপির হস্তক্ষেপ কামনা

 

মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের কলাগাছিয়া ইউনিয়ন অংশে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। একদিকে সড়কের একপাশে গড়ে ওঠা ময়লার ভাগাড়ের তীব্র দুর্গন্ধ, অন্যদিকে ফরাজীকান্দা পেট্রোল পাম্প থেকে হাজীপুর স্ট্যান্ড পর্যন্ত রাস্তার বেহাল দশা ও বড় বড় খানাখন্দ এই দুইয়ে মিলে ওই এলাকায় জনজীবন ও যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, সড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলার কারণে চারপাশের বাতাস প্রতিনিয়ত দূষিত হচ্ছে। তীব্র দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে হেঁটে চলা তো দূরের কথা, আশেপাশের এলাকায় বসবাস করাও এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ পরিবেশ দূষণের কারণে স্থাবর-অস্থাবর বাসিন্দা ও পথচারীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।

যানবাহন চালকদের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ময়লা কালাগাছিয়া ইউনিয়নের হাজীপুর এলাকার মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে ময়লার স্তূপ গড়ে তোলা হচ্ছে। ফলে দীর্ঘস্থায়ী জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

দুর্গন্ধের পাশাপাশি এই মহাসড়কের ফরাজীকান্দা পেট্রোল পাম্প থেকে হাজীপুর স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ অংশ জুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দ। খানাখন্দে ভরা এই বেহাল সড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে যেমন নষ্ট হচ্ছে বিভিন্ন যানবাহনের পার্টস, তেমনই অপচয় হচ্ছে যাত্রীদের মূল্যবান সময়।

ক্ষোভ প্রকাশ করে এক গাড়ি চালক বলেন:”একদিকে ময়লার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়, তার ওপর রাস্তার এই করুণ দশা। সাধারণ যাত্রী বা সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে সহজে আসতেই চায় না। কিন্তু কোনো বিকল্প উপায় না পেয়ে বাধ্য হয়ে মানুষ আমাদের গাড়িতে ওঠে। আমরা চরম ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি।”

ভুক্তভোগী এলাকাবাসী ও চালকদের দাবি, এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে দ্রুত এই স্থান থেকে ময়লার ভাগাড় অপসারণ করা এবং খানাখন্দে ভরা সড়কটি সংস্কার করার জন্য তারা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।