রূপগঞ্জে ৪ কোটি ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে ৪ কোটি ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রূপগঞ্জে ৪ কোটি ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

 

 

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ২৯৭টি ভারতীয় শাড়ি, ২৭৩টি কম্বল ও বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

 

শুক্রবার (৯ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এস এইচ এস ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাগলা। এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়। পরে পণ্যসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

 

কোস্ট গার্ড জানায়, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৪ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। অভিযান শেষে চালক ও হেলপারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের কাভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

 

জব্দ করা সব পণ্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি ডিভিশনের সিদ্দিকবাজার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান প্রতিরোধ এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ পণ্য পরিবহন বন্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।