
সোনারগাঁয়ে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় ১০০ পিস ইয়াবাসহ দুজনকে এবং রোববার (১১ অক্টোবর) রাতের প্রথম প্রহরে কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় ৩০ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় শরীফ (৪০) ও মোস্তফা ওরফে গিয়ার মোস্তফাকে (৪৭) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অন্যদিকে, রোববার রাত ২টা ১৫ মিনিটের দিকে এসআই ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের আরেকটি দল কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় শাহাবুউদ্দিন আহম্মদ (২৩) নামের এক যুবককে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :