ফতুল্লায় ২য় স্ত্রীর পরকীয়ার বলি নয়ন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ২য় স্ত্রীর পরকীয়ার বলি নয়ন

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ড্রামের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় মো. নয়ন (৪৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মৃতদেহের হাঁটুর ওপর থেকে নিচের অংশের দুই পা বিচ্ছিন্ন ছিল।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার উত্তর শিয়াচর মাওয়া মার্কেটের পেছনের একটি নির্জন স্থান থেকে ড্রামের ভেতরে বন্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, দুপুর ২টার দিকে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতরে অর্ধগলিত ও দুই পা কাটা অবস্থায় লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালায়।

নিহত ব্যক্তির নাম মো. নয়ন (৪৯)। তিনি ফতুল্লার কুতুবপুর ৮নং ওয়ার্ডের পিলকুনি এলাকার মো. সালাম ও আয়েশা বেগমের ছেলে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, নিহত নয়নের দুটি বিয়ে ছিল। পুলিশ ধারণা করছে, নয়নের দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “প্রাথমিকভাবে আমরা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করেছিলাম। লাশের পরিচয় শনাক্ত হয়েছে এবং হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।