লক্ষাধিক ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন / ১০০০
লক্ষাধিক ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ ও প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)।

শুক্রবার (২৪ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ১০ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি/১১ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক নারী মাদক কারবারি হলেন— ওই এলাকার মৃত আইয়ুবের স্ত্রী দিলবাহার (৫০)। এসময় তার বসতঘর তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, দিলবাহার দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত ছিলেন। বিভিন্ন জায়গায় তিনি ইয়াবা পাচার করে থাকেন। উদ্ধার করা ইয়াবাসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অস্ত্র ও মাদক চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় কক্সবাজারে মাদক চোরাচালানের ঝুঁকি বেশি। র‌্যাব অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে।