ফতুল্লার চার ইউনিয়নে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ১০:০৭ অপরাহ্ন / ১০০০
ফতুল্লার চার ইউনিয়নে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সদর উপজেলার চার ইউনিয়নে আগামী বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। হরিপুর টিবিএস এলাকায় আন্ডারগ্রাউন্ড ইন্টারলিংক অপসারণের কাজ চলায় এ সময় ওই এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত থাকবেন।

তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) নিয়ন্ত্রণাধীন বাখরাবাদ–সিদ্ধিরগঞ্জ (৩০ ইঞ্চি ব্যাস দ্ধ ১০০০ পিএসআইজি), বাখরাবাদ–ডেমরা (২০ ইঞ্চি ব্যাস দ্ধ ১০০০ পিএসআইজি) এবং নরসিংদী–সিদ্ধিরগঞ্জ (২০ ইঞ্চি ব্যাস দ্ধ ১০০০ পিএসআইজি) সঞ্চালন লাইন তিনটির মধ্যে হরিপুর টিবিএসের আন্ডারগ্রাউন্ড সংযোগ অপসারণের কাজ সম্পন্ন করা হবে।
এ কারণে আগামী ২৯ অক্টোবর, বুধবার রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় আবাসিক, বাণিজ্যিক, শিল্প, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি ফিলিং স্টেশন—সব ধরনের গ্রাহক গ্যাস ব্যবহার করতে পারবেন না।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত কাজ চলাকালে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে।