
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবির ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের শিবু মার্কেট এলাকার কুতুবাইলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনাটিতে এলাকায় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খবর পেয়ে নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আরেফিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোশাক তৈরির মেশিনে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ভেতরে জমে থাকা কাপড়ের ধুলোতে আগুনের সূত্রপাত ঘটে। এতে কিছু কাপড়ে আগুন ধরে যায় এবং ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়।”
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো শ্রমিক বা মানুষ হতাহত হয়নি। দ্রুত ফায়ার সার্ভিসের উপস্থিতিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
স্থানীয়দের মতে, আগুন লাগার সময় গার্মেন্টসের বেশিরভাগ শ্রমিক কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তা মান যাচাই করেও প্রয়োজনীয় সুপারিশ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
আপনার মতামত লিখুন :