কাঁচপুরে হাবিবুর হত্যার প্রতিবাদে মানববন্ধন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ১০:০৯ অপরাহ্ন / ১০০০
কাঁচপুরে হাবিবুর হত্যার প্রতিবাদে মানববন্ধন

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নে হাবিবুরকে গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহত হাবিবুরের বোন জামাই জসিম বলেন, গত ২৮ আগস্ট রাত ১টার দিকে হাবিবুর কাচপুর বিসিক এলাকায় রুটি খেতে গেলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী সাব্বির, আরাফাত, গোলজার, মোজাম্মেল ও রনি তাকে অপহরণ করে। পরিবারের সদস্যরা সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। পরদিন ২৯ আগস্ট নৌ পুলিশ কুড়িপাড়া খেয়াঘাটে একটি ডুবন্ত লাশ উদ্ধার করে। পরে পিবিআইয়ের সহযোগিতায় ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে হাবিবুরের গলা কাটা লাশ শনাক্ত করা হয়।

নিহতের মা ফিরুজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করেছে। আমি এখনও ছেলের মাথাটা দেখতে পারিনি। এমন নির্মম হত্যাকাণ্ড যাতে আর কোনো মায়ের সন্তানের সঙ্গে না ঘটে, সেজন্য জড়িত সন্ত্রাসীদের ফাঁসির দাবি জানাই।”

মানববন্ধনে নিহত হাবিবুরের ভাই কবির হোসেন, নবীর হোসেন, নূর হোসেন, বোন রহিমা আক্তার, রাহিমা আক্তার, কামাল হোসেন, সিদ্দিকুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।