বন্দরে তুলার গোডাউনে আগুন: ব্যাপক ক্ষয়ক্ষতি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন / ১০০০
বন্দরে তুলার গোডাউনে আগুন: ব্যাপক ক্ষয়ক্ষতি

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ বন্দরের কুড়িপাড়া ভাংতি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার (২১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শুরু হওয়া আগুনে মুহূর্তেই গুদামের ভেতরের দাহ্য তুলা ছড়িয়ে পড়ে চারদিকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস জোন-২-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গণি।

গুদামটির মালিক স্থানীয় তুলা ব্যবসায়ী জুলহাস মিয়া জানান, ভূমিকম্পের ধাক্কায় সৃষ্ট বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি বলে তাদের ধারণা। আগুনে তার প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তিনি বলেন, গুদামের ভেতরে থাকা তুলা অত্যন্ত দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সবকিছু পুড়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটই অগ্নিকাণ্ডের কারণ বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে পরে জানানো হবে।