সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ যুবককে আটক করে পুলিশে দিলো জনতা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ২:৩২ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে ১০ হাজার ইয়াবাসহ যুবককে আটক করে পুলিশে দিলো জনতা

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পথচারীর সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ধরা পড়ে গেল বিপুল পরিমাণ ইয়াবার চালান। স্থানীয়দের সন্দেহে আটক হওয়া এক তরুণের ব্যাগ থেকে পাওয়া গেছে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। মঙ্গলবার (৯ ডিসেম্বর)রাত সাড়ে ৯টার দিকে পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা লাগার পর ওই তরুণের আচরণ হঠাৎই অস্বাভাবিক হয়ে ওঠে। তিনি বেশ অস্থির ছিলেন এবং বারবার ব্যাগটি শক্ত করে চেপে ধরে রাখছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ বাড়লে তারা মিলে ব্যাগ তল্লাশির সিদ্ধান্ত নেন। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বিশাল ইয়াবার চালান। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক তরুণের নাম জিহাদুল ইসলাম, বয়স ২০। তিনি কক্সবাজারের টেকনাফ থানার রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা এলাকার জিয়াউর রহমানের ছেলে। কিছুদিন ধরে তিনি সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা পিএমএ মোড় এলাকায় থাকছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, এলাকাবাসীর সন্দেহে ওই যুবককে আটক করা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে সে ইয়াবা বহনের কথা স্বীকার করেছে।

ওসি আরও জানান, জিহাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা চলছে।