আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি, পুলিশের ওপর ককটেল হামলা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:১৮ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধষ ডাকাতি, পুলিশের ওপর ককটেল হামলা

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদেসাদী এলাকায় এক দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় পাওয়ার লুম ব্যবসায়ী আব্দুর রবের বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল বাড়ি থেকে আনুমানিক ৭ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং ৭ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

ডাকাতির খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। আত্মরক্ষার্থে এবং ডাকাতদের ধরার উদ্দেশ্যে পুলিশও ১০ রাউন্ড গুলি ছোড়ে। তবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ডাকাতির ঘটনায় ব্যবসায়ী আব্দুর রব এবং তার পাওয়ার লুমের শ্রমিক আব্দুল আহত হয়েছেন। শ্রমিক আব্দুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী আব্দুর রব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তিনি আরও জানান, ডাকাতদের ধরতে পুলিশ চেষ্টা করলে তারা ককটেল নিক্ষেপ করলে পুলিশ গুলি চালালেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।