
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
পোশাক কারখানা বন্ধ ঘোষণা দেওয়ার প্রতিবাদে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক সিদ্ধিরগঞ্জে অবরোধে নেমেছে একটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয়পাশে ৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে এখন পর্যন্ত অবরোধ চলমান আছে।
জান গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডস্থ ‘KORES BANGLADESH PLC’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে শ্রমিকরা নিজেদের বকেয়া বেতন পাওয়া এবং গার্মেন্টসটি খোলা রাখার দাবিতে মহাসড়কের মৌচাক অংশে প্রতিবাদে নামে।
এদিকে শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয়পাশে সাইনবোর্ড হতে কাঁচপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারজ এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
অবরোধকারী শ্রমিকদের দাবি না মানা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানিয়েছে। শ্রমিকেদের ভাষ্য, কোনো নোটিশ ছাড়া এবং আগের পাওনা বেতন না দিয়ে বন্ধ ঘোষণা করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুক বারিক বলেছেন, শ্রমিকদের আমরা বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তারা যৌক্তিক আন্দোলন করছে। আমরা মালিকপক্ষের জন্য অপেক্ষা করছি, তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত আপডেট দেওয়া যাবে। যানজট ধীরে ধীরে ছুটছে। কিছুক্ষণের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
আপনার মতামত লিখুন :