সিদ্ধিরগঞ্জে হাবিবুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ৩:১৬ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে হাবিবুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়া এলাকা থেকে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পাইনাদি মধ্যপাড়া এলাকার রফিক মিয়ার বাড়ির উঠোন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হসপাতালের মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই আশরাফ উদ্দিন জানান, রফিক মিয়ার বাড়িতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি আরও জানান, পার্শ্ববর্তী একটি খেলার মাঠ থেকে নিহত যুবকের একটি জুতা উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ছেঁড়া তারের অংশ, একটি টেস্টার ও একটি প্লাস জব্দ করা হয়েছে।

নিহত হাবিবুর রহমান সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়া এলাকার ফজল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তাঁর বাবার নাম মৃত আব্দুল আজিজ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, যেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেখানে একটি বাড়ির হাইভোল্টেজ বৈদ্যুতিক তার কাটা অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি টেস্টার ও একটি প্লাস উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইন চুরি করার উদ্দেশ্যে তার বিচ্ছিন্ন করতে গিয়ে শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।