
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ‘সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ’-এর দশম শ্রেণির ছাত্র মিরাজুল ইসলাম রিফাত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে।
গত বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। এ ঘটনায় ওই ছাত্রের মা নাছিমা আক্তার বাদী হয়ে গত রোববার সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ স্কুলছাত্রের বাবা আবুল কালাম জানান, বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী গ্রামের বাড়ি থেকে বুধবার সকালে স্কুল ব্যাগ নিয়ে বের হয় রিফাত। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
তিনি কান্নাজড়িত কণ্ঠে আরও জানান, রিফাত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। বাড়ি থেকে যাওয়ার সময় সে তার ব্যবহৃত মোবাইল ফোনটি রেখে গেছে। তাকে খুঁজে না পেয়ে তার পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে। ছেলের কোনো খবর না পেয়ে তার মা নাছিমা আক্তার অসুস্থ হয়ে পড়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। ওই ছাত্রের বিবরণ দিয়ে সব থানায় তথ্য পাঠানো হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য সবাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :