গোগনগরে দোকানে নিয়ে কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৬, ৯:৫১ অপরাহ্ন / ১০০০
গোগনগরে দোকানে নিয়ে কিশোরীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

 

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১৩ বছরের এক কিশোরী পোশাক শ্রমিককে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. মনির হোসেন (৫৮) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তাৎক্ষণিকভাবে পুলিশ গোগনগর মসিনাবন্দ এলাকা থেকে মনির হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মনির হোসেন সদর উপজেলার গোগনগর মসিনাবন্দ এলাকার মৃত হাসান আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ মডেল থানাধীন বাড়ীরটেক এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করে ওই কিশোরী। কারখানায় আসা-যাওয়ার পথে মনির হোসেন তাকে প্রায়ই বিরক্ত করত। গত ৯ জানুয়ারি ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে দেখা করতে বাধ্য করে সে। পরে একটি দোকান ঘরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।