
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করছেন এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
সোমবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের কোবাগা পেচাইন এলাকায় এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কোবাগা গ্রামের সমাজ সেবক মো.আব্দুল মালেক, শরিফ মিয়া, কামাল হোসেন, আব্দুস সালাম, তৌয়ব আলী, শামিম মিয়া, মো. আসাদুজ্জামান, আনোয়ার হোসেন আনু প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে ওটমা, কোবাগা, পোচাইন, মালিপাড়া, আমবাগ, পাকুন্ডাসহ ১১ গ্রামের নারী, পুরুষ, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ে সড়কের দুই পাশ উঁচু করে নির্মাণের ফলে ১১টি গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা স্কুল, মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা অনেক দুর্ঘটনার কবলে পড়েন।
তারা আরো বলেন, আন্ডারপাসের দাবিতে কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এলাকাবাসী কোন সাড়া পাননি। দ্রুত সময়ের মধ্যে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ না নিলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :