ইসলামী দল ক্ষমতায় এলে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে : ইলিয়াস আহমদ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন / ১০০০
ইসলামী দল ক্ষমতায় এলে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে : ইলিয়াস আহমদ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
​আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াস আহমদ বলেছেন, বলেছেন, যদি দেশের ইসলামী দলসমূহ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারে, তবে তারা এমন একটি প্রশাসনিক ব্যবস্থা চালু করবে যেখানে মানুষকে আর সেবার জন্য সরকারি অফিসে ঘুরতে হবে না; বরং সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে।

শুক্রবার (২৮ নভেম্বর-২০২৫) বিকালে নিজ সংসদীয় এলাকা ফতুল্লার আলীগঞ্জ বাজার এলাকায় গণসংযোগকালে এক পথসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইলিয়াস আহমদ আরো বলেন, “আমরা এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিশ্বাসী, যেখানে প্রশাসন হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং সেবাপরায়ণ। নৈতিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত শাসনব্যবস্থায় কোনোপ্রকার হয়রানি বা সেবার ক্ষেত্রে বৈষম্য বা কালক্ষেপণের কোনো সুযোগ থাকবে না।” “জনগণ দায়িত্ব দিলে আমরা আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করব। সরকারি সেবা যেমন—জন্মনিবন্ধন, ভূমি সংক্রান্ত কাজ, বিভিন্ন ভাতা বা অনুদান, এমনকি প্রাথমিক চিকিৎসা সেবাও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। দ্রুত পদক্ষেপে জলাবদ্ধতা ও যানজট নিরসন করা হবে। রাস্তা-ঘাটের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”

​খেলাফত মজলিসের এই প্রার্থী জোর দিয়ে বলেন, ইসলামী দলগুলোর মূল লক্ষ্য হচ্ছে জনগণের জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। তিনি দাবি করেন, এর মাধ্যমে সাধারণ মানুষ দালাল ও মধ্যস্বত্বভোগীদের হয়রানি থেকে মুক্তি পাবে এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা লাভ করতে সক্ষম হবে। আমরা এবার ঐক্যবদ্ধভাবে একটি বাক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। এবার নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটারদেরকে পরিবর্তনের পক্ষে ভোট দিয়ে একটি আদর্শিক ও কল্যাণকর সরকার প্রতিষ্ঠায় অংশ নিতে হবে। আমরা সবাই মিলে সুন্দর, নিরাপদ ও মানবিক এক মডেল নারায়ণগঞ্জ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

গণসংযোগকালে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সাথে উপস্থিত ছিলেন- জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুনঈম, আব্দুল করীম মিন্টু, আবু বকর সিদ্দিক, মাওলানা সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, ইসলামী যুব মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, শ্রমিক মজলিসের জেলা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আবুল বাশার, প্রমুখ।