আপনারা আমাকে আস্থায় রাখলে বাকি কাজগুলোও বাস্তবায়ন করবো : আবুল কালাম


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন / ১০০০
আপনারা আমাকে আস্থায় রাখলে বাকি কাজগুলোও বাস্তবায়ন করবো : আবুল কালাম

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, আমরা প্রতিশ্রুতিতে নয়, কাজে বিশ্বাস করি। অতীতে দুই শতাধিক পরিবারকে বিনামূল্যে জায়গা বরাদ্দ দিয়েছি এবং পশ্চিম পাড় এলাকায় ২৮২টি ঘরের অনুমোদন দিয়েছিলাম। এখানে প্রায় আড়াইশো ঘর নির্মিত হয়েছে, কিছু ঘর অনুমোদন পায়নি। আপনারা আগের মতো আমাকে আস্থায় রাখলে বাকি কাজগুলোও বাস্তবায়ন করবো।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বন্দর উপজেলায় অনুষ্ঠিত মরহুম আসাদুল্লাহ স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন প্রয়োজন। এ ধরনের খেলাধুলার আয়োজন আরও বাড়ানো উচিত।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন এবং পরিবর্তন চান, তাহলে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

এর আগে দিনভর বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন আবুল কালাম। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহদুল্লাহ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক হাজী নুরউদ্দিন, সদস্য আমিনুর ইসলাম মিঠু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।