
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক বৃদ্ধ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বক্তাবলী ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মো. হাসান আলী মাদবরকে আশঙ্কাজনক অবস্থায় ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে মো. পারভেজ বাদী হয়ে সুজন (৩৫) ও হালিম মোল্লাসহ (৪২) ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী সুজন, হালিম মোল্লা, সোহেল মোল্লা ও সাগর মোল্লাসহ অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে মাদক বিক্রির বিষয়ে পারভেজের চাচাতো ভাইয়ের সাথে ২নং বিবাদী হালিম মোল্লার কথা কাটাকাটি হয়।
এরই জেরে শনিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আনন্দবাজার এলাকায় পারভেজের দোকানের সামনে হামলা চালায়। এসময় পারভেজের বৃদ্ধ পিতা হাসান আলী মাদবর তাদের গালিগালাজ করতে নিষেধ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। হালিম মোল্লার নির্দেশে সুজন ও তার সহযোগীরা কাঠের ডাসা ও লাঠি দিয়ে হাসান আলীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। এক পর্যায়ে ১নং বিবাদী সুজন হত্যার উদ্দেশ্যে হাসান আলীর মাথায় ও পায়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
হাসান আলীর চিৎকারে তার স্ত্রী পারভীন আক্তার ও ছোট ছেলে আবু হানিফ (১১) বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরও পিটিয়ে আহত করে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানায়।
বাদী মো. পারভেজ জানান, চিহ্নিত এই মাদক কারবারীরা এলাকায় অত্যন্ত প্রভাবশালী ও হিংস্র প্রকৃতির। হামলার পর থেকে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা যেকোনো সময় আবারও বড় ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :