ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন, গ্রামের বাড়িতে দাফন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন / ১০০০
ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন, গ্রামের বাড়িতে দাফন

ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন, গ্রামের বাড়িতে দাফন

 

শীতলক্ষ্যা নদীতে দুর্ঘটনায় নিহত ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিকের জানাজা শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

 

এর আগে, গত ১৬ জুলাই নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে অসাবধানতাবশত শীতলক্ষ্যা নদীতে পড়ে গিয়ে তিনি নিহত হন।

 

জানাজায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস), উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

জানাজার আগে নিহত ডুবুরি সাদিকের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান পরিচালক। এ সময় ফায়ার সার্ভিসের অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ডুবুরি সাদিকের সংক্ষিপ্ত কর্মজীবন ও জীবনবৃত্তান্ত তুলে ধরা হয়।

 

এ সময় নিহতের পিতা সংক্ষিপ্ত বক্তব্যে ছেলের জন্য সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। পরিবারের সদস্যরাও মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান।

 

জানাজা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা সাদিকের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দির উদ্দেশে রওনা হন। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।