
নারায়ণগঞ্জে এএসআই লুৎফরকে কুপিয়ে অস্ত্র ছিনতাই
নারায়ণগঞ্জ শহরে ভোরে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ মার্চ) সকাল ৬টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানার উপ উপ-পরিদর্শক (এএসআই) লুৎফর রহমান মোটরসাইকেলে করে দায়িত্ব পালনকালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে।
এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে এবং মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত করে।
তবে কৌশলে হামলাকারীদের হাত থেকে প্রাণে রক্ষা পান এএসআই লুৎফর রহমান।
এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র (পিস্তল) লুট করে নিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হলে বিভিন্ন ইউনিটের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দুঃসাহসিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :