আড়াইহাজারে পরিবেশ দূষণের দায়ে দুই টেক্সটাইল কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে পরিবেশ দূষণের দায়ে দুই টেক্সটাইল কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা

আড়াইহাজারে পরিবেশ দূষণের দায়ে দুই টেক্সটাইল কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিষাক্ত কালো ধোঁয়া নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে দুটি টেক্সটাইল কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) উপজেলার গোপালদী ও রামচন্দ্রদী এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমন। এ সময় আড়াইহাজার থানা পুলিশের সদস্য ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া মামলার প্রসিকিউশন পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় কয়েকটি কারখানার চিমনি থেকে বিষাক্ত কালো ধোঁয়া নির্গত হয়ে আশপাশের পরিবেশ দূষিত করতে দেখা যায়। বিষয়টি তদন্ত করে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২–এর ৮(ক) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫–এর ১৫(২) ধারা অনুযায়ী জরিমানা করা হয়।

এ সময় রামচন্দ্রদী এলাকার মুছা টেক্সটাইল অ্যান্ড সাইজিং মিলসকে ২৫ হাজার টাকা এবং গোপালদী এলাকার খোকা টেক্সটাইল অ্যান্ড সাইজিং মিলসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।