আ.লীগ সংশ্লিষ্টরা সরকার ও দলে মূল্যায়িত: বিস্ফোরক মন্তব্য টিপুর


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন / ১০০০
আ.লীগ সংশ্লিষ্টরা সরকার ও দলে মূল্যায়িত: বিস্ফোরক মন্তব্য টিপুর

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু দলের মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, পূর্বে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা বা যোগাযোগ ছিল- এমন ব্যক্তিরাই বর্তমানে সরকার ও দলে মূল্যায়িত হচ্ছেন।

 

স্ট্যাটাসে তিনি লেখেন, “দলের মধ্যে ১/১১-এর লোকেরা কৌশলী, বেঈমান, মুনাফেক। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে যারা গোপনে জিয়া পরিবার ও বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা ও মুনাফেকি করেছে এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে যাদের সঙ্গে আওয়ামী লীগ কানেকশন রয়েছে, তারাই সরকারে ও দলে মূল্যায়িত হচ্ছে!”

 

আবু আল ইউসুফ খান টিপু শহরে আলোচিত একজন রাজনীতিক। প্রায় সময় নানা ইস্যুতে তিনি ফেসবুকে নিজ একাউন্টে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সাংবাদিকদের নিয়ে এক সভায় বিএনপির ভেতর ‘গান্ধী পোকা’ মন্তব্য আলোচনার সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি চর্চিতও হয় বেশ।

 

ওই সময়ও ফেসবুকে লিখেছিলেন বিএনপি নেতা ইউসুফ খান টিপু। তিনি লেখেন, “নারায়ণগঞ্জের ফুটপাতের হকারদের কাছ থেকে টাকা খাওয়ার আগে যেন আল্লাহ আমার মৃত্যু দেন।”

 

গত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এ বিএনপি নেতা। যদিও পরে তিনি তা পাননি। এ জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপির প্রার্থী জয় পেয়েছেন। একটি আসনে জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীকে সমর্থন দিলেও তিনি পরাজিত হন।

 

সংসদ নির্বাচনে মনোনয়ন-বঞ্চিত হলেও তার অনুসারীরা প্রত্যাশা করেছিলেন তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কিংবা জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়ে মূল্যায়িত হবেন। কিন্তু সরকার এ দু’টি প্রতিষ্ঠানে যথাক্রমে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।