ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টা : গুলিতে আহত ৪, আটক ১


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৬, ৩:০০ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টা : গুলিতে আহত ৪, আটক ১

ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টা : গুলিতে আহত ৪, আটক ১

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে এক ফেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

 

এসময় স্থানীয়দের বাধার মুখে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে চারজন আহত হন। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

 

রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দুদিন আগে শামীম ওরফে জুয়েল নামে এক ব্যক্তি সুমন মিয়ার দোকান থেকে প্রায় দুই হাজার টাকার ফেক্সিলোড নেন। টাকা পরিশোধ না করায় তাকে কিছু সময় আটক রেখে পরে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার জেরে প্রতিশোধ নিতে রোববার রাতে দুটি মোটরসাইকেলে করে ৪-৫ জন যুবক ঘটনাস্থলে আসে।

 

তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমন মিয়াকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে।

 

এসময় স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে।

 

এলোপাতাড়ি গুলিতে আমির হোসেনসহ চারজন আহত হন। গুরুতর অবস্থায় আমির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা শরীর ঘেঁষে গুলি যাওয়ায় সামান্য আহত হয়েছেন।

 

স্থানীয়রা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলে দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

 

তবে শামীম ওরফে জুয়েল নামে এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি গুলির খোসা উদ্ধার করে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আটক ব্যক্তি নিজের নাম কখনো শামীম, কখনো জুয়েল বলে পরিচয় দিচ্ছেন।

 

তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার কাছ থেকে অন্য জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।