বন্দরে সোমবারিয়া খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৯:১৩ অপরাহ্ন / ১০০০
বন্দরে সোমবারিয়া খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বন্দরে সোমবারিয়া খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

 

বন্দরে খেলার মাঠ প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড ব চৌরাপাড়া সোমবারিয়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেউলী চৌরাপাড়া এলাকার একমাত্র মাঠটি স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলা এবং সাধারণ মানুষের প্রাতঃভ্রমণ ও মুক্ত বাতাস সেবনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পাশেই শীতলক্ষ্যা নদীর তীরে মনোরম ওয়াকওয়ে নির্মাণ করেছে বিআইডব্লিউটিএ। কিন্তু সম্প্রতি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সরকারের রোপন করা ৩শ’ গাছ কেটে নদীর জায়গায় দেওয়াল নির্মাণ করে মাঠটি ঘিরে ফেলার উদ্যোগ নেয়। দেওয়াল দিলে শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পথ রুদ্ধ হয়ে যাবে। স্থানীয় জনপতিনিধি ও প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে দেওয়াল নির্মাণ করছে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন করপোরেশন ( বিআইডব্লিউটিসি)। এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

এলাকাবাসী আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় খেলোয়াড় ও শিক্ষার্থীসহ এলাকার কয়েকশ’ মানুষ অংশ নেন। সাংবাদিক আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেল ,আলতাফ হোসেন, অ্যাডভোকেট নূর মোহাম্মদ, নাছির হোসেন, নাজির হোসেন, মোহাম্মদ মাসুম, আবু তাহের মিন্টু, ফুটবল প্রশিক্ষক আজাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।