ফতুল্লায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জনের মৃত্যু


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৫:৪২ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

ফতুল্লায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় বাবা ও তিন সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তাদের মা সালমা আক্তার।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে মুন্না (১২) এবং দুপুর পৌনে ১টার দিকে মুন্নি (৭) মারা যায়। এর আগে বুধবার মারা যায় তাদের চার বছরের মেয়ে কথা এবং সোমবার মারা যান তাদের বাবা আবুল কালাম (৩৫)।

 

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মুন্নার শরীরের প্রায় ৪০ শতাংশ এবং মুন্নির প্রায় ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মা সালমা আক্তার (৩২) এখনো ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

 

এর আগে গত রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ হন সবজি বিক্রেতা মো. আবুল কালাম, তার স্ত্রী সালমা আক্তার এবং তাদের তিন সন্তান—মুন্না, মুন্নি ও কথা।

 

প্রতিবেশীরা জানান, বিস্ফোরণের পর ঘরের ভেতর আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

 

পরিবারের সদস্যদের ধারণা, রান্নাঘরে গ্যাস লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় আবুল কালাম সকালে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং রান্নাঘরে চুলায় খাবার গরম করতে গেলে এ বিস্ফোরণ ঘটে।