সোনারগাঁয়ের কাঁচপুরে ইয়াবাসহ বাসচালক আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ের কাঁচপুরে ইয়াবাসহ বাসচালক আটক

সোনারগাঁয়ের কাঁচপুরে ইয়াবাসহ বাসচালক আটক

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় হাইওয়ে পুলিশের বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসের চালককে আটক করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) সকালে কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের বিপরীত পাশে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসটির ড্রাইভারের আসনের নিচে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাসচালক মো. শরিফ হোসেনকে (৩৯) আটক করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা এবং নুরুল আমিনের ছেলে।

 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে। মাদক পাচার ও পরিবহন রোধে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।