
অপহরনের চেষ্টা: রূপগঞ্জে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার
রূপগঞ্জে এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪ পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অমিত হাসান। এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) রূপগঞ্জের গাউছিয়া ও আড়াইহাজারের শান্তির বাজারে গণপিটুনির শিকার হন ওই পুলিশ সদস্যরা। তাৎক্ষণিকভাবে তারা দাবি করেছিলেন, আসামি গ্রেপ্তার করতে রূপগঞ্জের গাউছিয়ায় এসেছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহ, কনস্টেবল কবির এবং কনস্টেবল আকাশ আহাম্মেদ। তারা সবাই ঢাকা ডিবি দক্ষিণে কর্মরত।
ভুক্তভোগীর বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের বারদী এলাকা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান নামে এক যুবক তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসেন। এ সময় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে।
তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে গাড়িটির গতিরোধ করে। পরে এসআই মামুন, এএসআই আমান উল্লাহ ও কনস্টেবল কবিরকে আটক করে গণধোলাই দেয়। এ সময় প্রাইভেটকারটি নিয়ে আরও তিনজন পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা আটক ব্যক্তিদের একটি পিকআপে করে আড়াইহাজারের শান্তির বাজারে নিয়ে যায়। সেখানেও তাদের আবার গণধোলাই দেওয়া হয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে রাতেই পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরেক পুলিশ কনস্টেবল আকাশকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা এর আগেও অপহরণের নাটক সাজিয়ে অমিতের দূরসম্পর্কের মামা জয়নাল এবং সোনারগাঁয়ের জাকির হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে গিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করেছিল।
গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে এবং অনুমতি ছাড়াই এক জেলা থেকে অন্য জেলায় এসে এ ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঠিক তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় শুক্রবার ৪ পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী অমিত হাসান।
আপনার মতামত লিখুন :