
সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আয়ান আহমেদ শাকিল নামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) ভোরে উপজেলার নয়াগাঁও এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া আয়ান আহমেদ শাকিল স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ মিয়ার ছেলে। তিনি পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় তিনি আসামি রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, শাকিলের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। তবে এসব অভিযোগের বিষয়ে তার বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিলের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :