
বন্দরে বিকাশ এজেন্ট সবুজ তিন দিন ধরে নিখোঁজ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার বাসিন্দা ও বিকাশ এজেন্ট সবুজ ওরফে আরাফাত (২৯) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি আনোয়ার হোসেন মিয়ার ছেলে।
এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির বড় ভাই সজিব বাদী হয়ে শুক্রবার (২৬ জুন) দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, সবুজ ওরফে আরাফাত দীর্ঘদিন ধরে বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত বুধবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে জানান, তিনি এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছেন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ ব্যক্তির বড় ভাই সজিব জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার ভাইয়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শুক্রবার বন্দর থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে কেউ সবুজ ওরফে আরাফাতের সন্ধান পেলে দ্রুত বন্দর থানায় অথবা তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :