
ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব মার্ডার: প্রধান অভিযুক্ত জাকির গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকার বিকাশ ব্যবসায়ী মোতালেব হোসেন হত্যা মামলার প্রধান অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ জুলাই (শুক্রবার) সকাল ১১ টায় বন্দরের সেল সারদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার (উপ-পরিদর্শক) রফিকুল ইসলাম জানান, প্রযুক্তিগত সহায়তা নিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাকির ফতুল্লার মাসদাইর এলাকার বিকাশ ব্যবসায়ী মোতালেব হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামি। মোতালেব হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের সনাক্ত করনের লক্ষ্যে জাকিরকে জিজ্ঞাসাবাদ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে হত্যার মূল রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা করছি এবং প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এর আগে, বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে লেপ-তোশকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেনের (৬১) মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় বসবাস করতেন এবং মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ জানায়, বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
আপনার মতামত লিখুন :