
বন্দরে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন: পুড়ে ছাই ৫টি কক্ষ, নিঃস্ব বিধবা নারী
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ৫টি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রেললাইন সংলগ্ন কোটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে পুড়ে গেছে ঘরের ভেতরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করেই বৈদ্যুতিক তারে বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত বাড়ির মালিক রাশেদা বেগমের টিনশেড বসতবাড়ির পাঁচটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ২০ মিনিটের অবিরাম চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভুক্তভোগী বাড়ির মালিক রাশেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন:স্বামী মারা যাওয়ার পর এই ঘরগুলোর ভাড়ার টাকায় সন্তানদের লেখাপড়া আর সংসার চালাতাম। আজকের এই আগুন আমার সব শেষ করে দিল। ভাড়াটিয়াদের আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চোখের পলকে ছাই হয়ে গেছে। এখন আমি সন্তানদের নিয়ে কোথায় দাঁড়াব?
বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার সঞ্চয় খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের সময়োচিত পদক্ষেপের কারণে আগুন আশেপাশে ছড়াতে পারেনি এবং প্রায় ৩ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনে ৫টি কক্ষের আসবাবপত্র ও মালামাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আপনার মতামত লিখুন :