
রূপগঞ্জে বৃদ্ধাকে সাফিয়া বেগমকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার লুটের দায়ে রুবেল প্রধান ওরফে রুবেল মুন্সি নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুবেল প্রধান চাঁদপুরের উত্তর পাঁচ আনী এলাকার লিটন মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, মাদকের টাকা জোগাড় করতে রুবেল প্রতিবেশী সাফিয়া বেগমকে (৭৭) নিজ ঘরে হত্যা করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল ভূঁইয়া রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানান।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে সাফিয়া বেগমকে হত্যা করে স্বর্ণালংক লুট করা হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে র্যাব তদন্ত চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আপনার মতামত লিখুন :