সোনারগাঁয়ে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, মিলল কাপড় চোপড়


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, মিলল কাপড় চোপড়

সোনারগাঁয়ে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, মিলল কাপড় চোপড়

 

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনের সামনে তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগকে কেন্দ্র করে শনিবার (২৫ জুলাই) রাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বোমা থাকার সন্দেহে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। কয়েক ঘণ্টার উৎকণ্ঠার পর রাত সোয়া ২টার দিকে ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে কোনো বিস্ফোরক নেই, রয়েছে পুরোনো কাপড়চোপড়, একটি পার্স, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও একটি ড্রাইভিং লাইসেন্স।

 

শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে এক নারী কালো রঙের একটি তালাবদ্ধ ব্যাগ ফিলিং স্টেশনের সামনে রেখে চলে যান বলে ধারণা করা হয়। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকলেও কেউ এর মালিকানা দাবি না করায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানায়। খবর পেয়ে রাতের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসে।

 

পরে র‍্যাব, ফায়ার সার্ভিস এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট অভিযানে যোগ দেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

 

পরে রাত ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বিশেষ সরঞ্জামের মাধ্যমে ব্যাগটি পরীক্ষা করে। রাত সোয়া ২টা থেকে আড়াইটার মধ্যে ব্যাগটি খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই। সেখানে পাওয়া যায় পুরোনো ও ছেঁড়া কাপড়চোপড়, একটি পার্স, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার এক নারীর জাতীয় পরিচয়পত্র এবং তার স্বামীর একটি ড্রাইভিং লাইসেন্স।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, প্রথমে আমরা ব্যাগটিতে বোমা থাকার আশঙ্কা করেছিলাম। তবে বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি খুলে কাপড় চোপড় ও একটি পার্স পেয়েছে।

 

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্যাগের ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। সেখানে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পার্স ও অন্যান্য সামগ্রী আলামত হিসেবে জব্দ করা হয়েছে। কী উদ্দেশ্যে ব্যাগটি সেখানে ফেলে যাওয়া হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

ঘটনাটি শেষ পর্যন্ত আতঙ্কেই সীমাবদ্ধ থাকলেও, কয়েক ঘণ্টার এই অভিযান স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে। তবে নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সতর্ক অভিযানের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।