গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে ডিসির কাছে স্মারকলিপি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৬:২০ অপরাহ্ন / ১০০০
গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে ডিসির কাছে স্মারকলিপি

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসক মো. রায়হান কবীরের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপি প্রদান শেষে গোগনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মিজি বলেন, জেলা প্রশাসক তাঁদের আবেদন গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে গণশুনানির আয়োজন করা হবে। এ বিষয়ে আবেদনকারীদের চিঠির মাধ্যমে অবহিত করা হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গোগনগর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসনিক ভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে অবস্থিত। ইউনিয়নে সিমেন্ট ও তৈরি পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। কৃষিজমি ভরাট করে বহুতল ভবন ও আবাসন নির্মাণের ফলে কৃষিজমির পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

এতে আরও বলা হয়, জনসংখ্যা বৃদ্ধি ও দ্রুত নগরায়ণের কারণে সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানীয় জলসহ আধুনিক নাগরিক সেবার চাহিদা বেড়েছে। এসব বাস্তবতা বিবেচনায় গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

আবেদনকারীদের দাবি, ইতোমধ্যে সিটি কর্পোরেশনের সঙ্গে যেসব ইউনিয়ন সংযুক্ত হয়েছে, সেগুলোর তুলনায় গোগনগর ইউনিয়নের অবস্থান আরও নিকটবর্তী। তাই উন্নত, পরিকল্পিত ও টেকসই নাগরিক সেবা নিশ্চিত করতে ইউনিয়নটিকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন সিকদার, সাবেক সদস্য মো. আব্দুল মোতালিব, ব্যাংক কর্মকর্তা সেলিম রেজা, গোগনগর ইউনিয়ন জাসাসের সভাপতি আব্দুল লতিফ সিকদার, সাধারণ সম্পাদক ইয়ার হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।