প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় বুলবুল হত্যাকাণ্ড : ফয়জুল করীম


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৬, ৯:২১ অপরাহ্ন / ১০০০
প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় বুলবুল হত্যাকাণ্ড : ফয়জুল করীম

প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় বুলবুল হত্যাকাণ্ড : ফয়জুল করীম

 

নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসী হামলায় নিহত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন ওরফে বুলবুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই)।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের শাহীমসজিদসংলগ্ন ঠাকুরবাড়িতে নিহত বুলবুলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের হাতে ২ লাখ টাকার একটি চেক তুলে দেন।

 

পরে তিনি নিহত বুলবুলের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

 

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, “জাহিদ আল আমিন বুলবুলের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় এ হত্যাকাণ্ড ঘটেছে। সরকারের ব্যর্থতার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

 

তিনি আরও বলেন, সরকারের ব্যর্থতার কারণে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। গ্যাসের অভাবে শিল্পকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

বন্দর উপজেলায় কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। যাতে ভবিষ্যতে আর কোনো মায়ের বুক খালি না হয়, সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান শায়েখ চরমোনাই।

 

এ সময় তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবর করার তাওফিক দান করুন।

 

যেভাবে নিহত হন বুলবুল

 

উল্লেখ্য, গত ২০ আগস্ট নারায়ণগঞ্জ বন্দরের ২১ নম্বর ওয়ার্ডের বন্দর শাহী মসজিদ বউবাজার দত্তবাড়ী এলাকায় পূর্বশত্রুতার জেরে কিশোর গ্যাং লিডার শেখ সিফাত ওরফে কাটা সিফাতসহ তার বাহিনীর সদস্যদের হামলায় জাহিদ আল আমিন ওরফে বুলবুল নিহত হন বলে অভিযোগ রয়েছে।

 

এ ঘটনায় মূল অভিযুক্ত শেখ সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। মামলার তদন্তের পাশাপাশি জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।