নারায়ণগঞ্জ শহরের ভাড়া বাসা থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৮:২৮ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ শহরের ভাড়া বাসা থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস:
নারায়ণগঞ্জ নগরীর বাবুরাইল বউবাজার এলাকায় ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর মডেল থানার পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন, হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৪) এবং তাদের ছেলে আফরান (৪)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিপলু স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। স্বজনদের উপস্থিতিতে স্থানীয়রা দরজা ভাঙলে ভেতরে শিপলুকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অন্য কক্ষে স্ত্রী ও সন্তানের মুখ বালিশচাপা অবস্থায় ছিল।
তদন্তে জানা গেছে, শিপলু “রমজান সমিতি” নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন। করোনা মহামারীর সময় সমিতি বন্ধ হয়ে যায়। গ্রাহকদের টাকার দাবিতে তিনি আর্থিক সংকটে পড়েছিলেন। হতাশা থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
পুলিশ লাশগুলোর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খানপুর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।