রূপগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা আটক

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিতে গোপন মিটিং চলাকালে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের করাটিয়া এলাকায় হোম টাউন সিটি প্রকল্পের ভেতরের বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ভোলাব ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ডের সহ-সভাপতি আমির হোসেন (৪৫), একই ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাফফার মোল্লা, তারাবো পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা রিফাত আহমেদ অমি, ভুলতা ইউনিয়ন শ্রমিক লীগ নেতা সিরাজ মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রস্তুতি নিতে তারা গোপনে বৈঠক করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশে নাশকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনা করছিল। আটকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।