সিদ্ধিরগঞ্জে হত্যার আসামি রবিন ডাকাত গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ২:১৬ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে হত্যার আসামি রবিন ডাকাত গ্রেফতার

 

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত বহুল আলোচিত আসামি রবিন ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (১৭ নভেম্বর) রাতে র‌্যাবের একটি দল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে তাকে আটক করে। দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রবিন ওরফে রফিকুল ইসলাম রবিন (৩১) লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার চান্দিরগাঁও গ্রামের বাসিন্দা।

গত ১১ নভেম্বর রাতে ফরিদগঞ্জের রুস্তমপুর এলাকায় সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন (৪০) এলোপাতাড়ি গুলিতে নিহত হন। ঘটনার দুই দিন পর নিহতের বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ভিকটিম প্রতিদিনের মতো ওইদিনও পণ্য বিক্রি করে রাতের বেলায় ডিলারের কাছে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে রবিন ও তার সহযোগী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রুহুল আমিন তাদের পিছু নেন। এসময় ডাকাত বলে চিৎকার করলে রবিন আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, অভিযুক্ত রবিন ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।