নওগাঁয় গ্রামীণ ব্যাংকের সামনে আগুন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন / ১০০০
নওগাঁয় গ্রামীণ ব্যাংকের সামনে আগুন

নওগাঁর রাণীনগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের এক শাখার প্রধান ফটকের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার গহেলাপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখার এ ঘটনা ঘটে। তবে আগুন কিছুক্ষণের মধ্যে নিভে যাওয়ায় তা ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়েনি।

ওই শাখার সিনিয়র অফিসার লোটাস হোসেনের দাবি, আজ ভোরবেলা উঠে ব্যাংকটির সামনে বস্তা থেকে ধোঁয়া উঠতে দেখেন তিনি। এরপর নাইটগার্ড মজিবরের কাছে কারণ জানতে চান। মজিবর তাকে জানান, রাতের কোনো এক সময়ে বস্তায় আগুন জ্বলতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে তা নিভিয়ে কিছুটা দূরে সরিয়ে রাখেন। এরপর নামাজে চলে যান তিনি। তবে কোথাও কোনো ক্ষতি হয়নি।

লোটাস হোসেন বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়। কিছু পরে ব্যাংকের চেয়ারম্যান তার কাছে ফোন করেন। জানান, স্থানীয় থানা পুলিশ বিষয়টি তদন্তে যাবে।

বিষয়টি জানতে রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হানকে দুইবার ফোন দেওয়া হয়। তিনি দুবারে দু’রকম কথা বলেন। প্রথম বারে এমন কোনো ঘটনা ঘটেনি বলে স্পষ্ট জানান তিনি। বলেন, এটি একটি চক্রান্ত। তবে দ্বিতীয় দফায় ফোন দিলে কথা বলেন কিছুটা ভিন্ন সুরে।

এসময় তিনি জানান, ব্যাংকের অন্তত ১শ গজ দূরে ধোঁয়া উঠছিল। এটা শীত নিবারণে কেউ আগুন ধরাতে পারে। এটা নিয়ে আলাদা তদন্তের কিছু নেই বলেও জানান তিনি।