ফতুল্লায় আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ১:৫৩ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় আওয়ামী লীগ নেতা নুর হোসেন গ্রেপ্তার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
ফতুল্লা মডেল থানার কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন(৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কাশিপুর সম্রাট সিনেমা হল সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নূর হোসেন মৃত সেকেন্দার আলী মিয়ার পুত্র। তিনি কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। থানা সূত্র জানায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্টসহ একাধিক মামলা রয়েছে।
তথ্যমতে, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের সময় তিনি আজমিরি ওসমানের অন্যতম ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন।

কাশিপুর এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিগত স্বৈরাচারী শাসনামলে নূর হোসেন কাশিপুর সম্রাট সিনেমা হল, হাজীপাড়া ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় প্রভাব বিস্তার করে একপ্রকার আতঙ্কের রাজত্ব কায়েম করেন। তার বিরুদ্ধে জমি দখল, জোড়পূর্বক ব্যবসা দখল, চাঁদা আদায় এবং সাধারণ মানুষকে মারধর সহ সমাজ বিরোধী নানা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, কাশিপুর সম্রাট সিনেমা হলের সামনে এক ব্যবসায়ীকে মারধর করে তিন লক্ষ টাকা চাঁদা আদায়ের ঘটনাও তার বিরুদ্ধে রয়েছে। এসব অভিযোগকে তার দীর্ঘদিনের অপকর্মের অংশ বলে উল্লেখ করেন স্থানীয়রা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাতে কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক বৈষম্য বিরোধী মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।