
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুনা ফ্যাক্টরি ও একটি ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (৪ জানুয়ারী)সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এসব কারখানা ভেঙে দেওয়া হয় এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের মেঘনা ঘাট অঞ্চলের ম্যানেজার সুরজিত সাহা এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, তিতাস গ্যাসের কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় মোটা অংকের বিনিময়ে দীর্ঘদিন ধরে এসব অবৈধ সংযোগ চালু ছিল। আগেও এই কারখানাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, কিন্তু ব্যবসায়ীরা পুনরায় সংযোগ নিয়ে কার্যক্রম চালু করতেন।
সুরজিত সাহা জানান, পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় আবুল কাশেম মাস্টারের ঢালাই কারখানা, হারুন অর রশিদের ঢালাই কারখানা এবং নোয়াব প্রধান ও এতিম খানার পাশে মতিউর রহমানের চুনা কারখানা অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল। দৈনিক প্রায় ২৪ হাজার ঘনফুট গ্যাসের এই অবৈধ ব্যবহার সরকারের জন্য বিপুল রাজস্ব ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছিল।
তিনি আরও বলেন, অভিযানের সময় অবৈধ ব্যবসায়ীরা পলাতক থাকায় তাদের জেল জরিমানা করা সম্ভব হয়নি। অভিযানকালে সাড়ে ৬শ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :