
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে (১০ অক্টোবর) আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা অংশ নেন। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
কর্মসূচির অংশ হিসেবে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা পানি ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করে পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় সামগ্রী অপসারণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ফুলের টব, প্লাস্টিকের পাত্র, বালতি, পরিত্যক্ত টায়ার, ড্রাম ও ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়। বাড়ি, ছাদ, বারান্দা ও নির্মাণাধীন ভবনে পানি জমতে না দেওয়ার বিষয়েও সচেতন করা হয়।
লিফলেটে ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে প্রতিপাদ্য ছিল, ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’।
বিজ্ঞপ্তিতে ডেঙ্গু প্রতিরোধে শুধু সাময়িক অভিযান নয়, বরং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :