বন্দরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পূজামণ্ডপের সামনে থেকে চাকুসহ কিশোর আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন / ১০০০
বন্দরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে পূজামণ্ডপের সামনে থেকে চাকুসহ কিশোর আটক

নারায়ণগঞ্জের বন্দরে শারদীয় দুর্গোৎসব চলাকালে বিভিন্ন পূজামণ্ডপে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে দেশীয় সুচালো চাকুসহ আটক করেছে পুলিশ। একই রাতে অন্য এক অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে বন্দর থানাধীন বাউলপাড়া এলাকার লালজী মন্দিরের প্রধান ফটকের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ১৩ বছরের কিশোরটি প্রায় আড়াই ঘণ্টা ধরে বাবুপাড়া বৃন্দাবন মন্দির ও লালজী মন্দিরের পূজামণ্ডপ এলাকায় ঘুরাঘুরি করছিল। মণ্ডপে তার অস্বাভাবিক নাচানাচি ও চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয়দের সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়লে পুলিশে খবর দেওয়া হয়।
বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি সুচালো চাকু উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, চাকুটি কিশোরটির পায়ের নিচে এবং হাতে থাকা একটি পাইপের ভেতরে লুকানো ছিল। ঘটনার সময় সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলেও তারা জানান।
অন্যদিকে, একই রাতে লালজী মন্দিরের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আরও একজনকে হাতেনাতে আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা আরও ৪-৫ জন সহযোগী চম্পট দেয়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনই একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্জন স্থানে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আটক কিশোরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, পালিয়ে যাওয়া অন্য অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।