
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার কৃষক দল নেতা শাহাদাত হোসেনকে (৬০) কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তাঁকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদির কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান। তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি শাহাদাত হোসেনকে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে আহত সাংবাদিক মো. আকাশ খান বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলায় মূল হামলাকারী শাহাদাত হোসেন (৬০) ও সায়েদাবাদী শহীদ (৫৫) কে নামীয় আসামি এবং আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার বিকেলে ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে এবং বেধড়ক মারধর করে আহত করে।
আপনার মতামত লিখুন :