
সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) আরিফুজ্জামানের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, শনিবার (৯ মে) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলি পিএনবি ডেন্টাল কেয়ারের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ লিমন (৩৫), পিতা- নুর আলম মিয়া, মাতা- মোসাঃ সীমা বেগম, স্থায়ী ঠিকানা দক্ষিণ ধানগুড়া, গাইবান্ধা এবং বর্তমানে কাঁচপুর সোনাপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত। মোঃ সিয়াম (২৫), পিতা- মোঃ লিটন, মাতা- মোসাঃ নাছিমা আক্তার, স্থায়ী ঠিকানা জুরাইন, কেরানীগঞ্জ, ঢাকা এবং বর্তমানে সোনাপুর মেম্বার গলি এলাকায় বসবাসরত।
এসময় তাদের কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :