
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে আবদুল্লাহ আল জাহিদ (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দড়িগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আল জাহিদ কুমিল্লার বুড়িচং উপজেলার নয়াকামতা এলাকার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তিনি মো. শাহ আলমের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ডিউটি অফিসার এসআই এরফান উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, এফজেড ইয়ামাহা মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামমুখী একটি খালি ট্রাকের পেছনে যাওয়ার সময় সেটির পেছনের চাকায় ধাক্কা লাগে। এতে জাহিদ সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। আটক চালকের নাম উজ্জ্বল (৩৫)। তাঁর বাড়ি যশোর জেলায়। ট্রাকটির নম্বর যশোর-ট-১১-১৯৪৫।
নিহতের মরদেহ কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :