বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন / ১০০০
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার

বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (“খ” সার্কেল) দীপংকর ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিনের অংশগ্রহণে অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে বন্দর থানা এলাকা ও নারায়ণগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে এসব আসামী গ্রেফতার হন।

‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অভিযুক্ত ১ জন, গ্রেফতারী পরোয়ানায় ২ জন, ফৌজদারী কার্যবিধি আইনে ৩ জন, পুলিশ আইনে ২ জন, মাদকসেবী ৭ জন এবং ডিবি পুলিশ কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে এসআই মোঃ আবদুল আলীমের নেতৃত্বে আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী সাবেক মেম্বার ও মদনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজালাল মিয়াকে (৫৭) গ্রেফতার করা হয়।

‎একই রাতে বন্দর থানা এলাকার পৃথক স্থান থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ইমরান (২৫) ও শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ফৌজদারী কার্যবিধি আইনে রাতুল (২৫), মনিরুল (২৮) ও রকি মিয়া (২৭) এবং পুলিশ আইনে আনোয়ার হোসেন (৪২) ও মোঃ নয়নকে (৪২) গ্রেফতার করা হয়। রাতের বেলা অভিযানে মাদক সেবনরত অবস্থায় আরও ৭ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।

‎অন্যদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ বন্দর থানাধীন বুরুন্দি কবরস্থান মাঠ সংলগ্ন এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মোঃ সজল (২৬) ও তার সহযোগী আশরাফুল ইসলাম (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

‎গ্রেফতারকৃত ১৭ আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও যেকোনো ধরণের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।