সোনারগাঁও মেঘনা টোলপ্লাজায় গাঁজাসহ যুবক আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁও মেঘনা টোলপ্লাজায় গাঁজাসহ যুবক আটক

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
সোনারগাঁও মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। বাসের যাত্রী হিসেবে গাঁজা নিয়ে পালানোর চেষ্টার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। শুক্রবার রাত সাড়ে ৮টায় এই অভিযান পরিচালনা করা হয়।

সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রতন বৈরাগী সঙ্গীয় ফোর্সসহ আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় কুমিল্লার দিক থেকে আসা “তিশা প্লাস পরিবহনের” একটি যাত্রীবাহী বাস (নং-ঢাকা মেট্রো-ব-১২-২৪১৭) সংকেত দিয়ে থামানো হয়। বাসটি থামার সাথে সাথেই এক ব্যক্তি একটি কালো রঙের ব্যাগ হাতে নিয়ে বাস থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম-ঠিকানা জানা যায়। সে হলো বাগেরহাট কচুয়ার ঝালডাঙ্গা এলাকার মো. আলী আকবর হাওলাদারের ছেলে মো. জামাল হাওলাদার ইমরান (৩৯)। পরে তার হেফাজতে থাকা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে তা জব্দ করা হয়।

সোনারগাঁও থানা পুলিশ জানান, আটককৃত মো. জামাল হাওলাদার ইমরানের বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।