কাশীপুরে অটোচালক মমিনের রহস্যজনক মৃত্যু, আটক ৪ যুবক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন / ১০০০
কাশীপুরে অটোচালক মমিনের রহস্যজনক মৃত্যু, আটক ৪ যুবক

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় মমিন (৩২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত মমিন মাসদাইর এলাকার জালাল মিয়ার পুত্র এবং পেশায় একজন অটোচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে চারজন যুবক মমিনকে নিয়ে আসে তার পিতা-মাতার বাসায়। তারা এসে জানায়, মমিন মারা গেছে। এ সংবাদ শোনামাত্রই নিহতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং স্থানীয়দের সহায়তায় ঐ চার যুবককে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

নিহত মমিনের পরিবার জানিয়েছে, “আমরা বিশ্বাস করি আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক— আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

এদিকে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।